Sunday, August 29, 2010

অন্যমানুষ

জীবনের ছোট ছোট ধাপ গুলো
যদি তোমাদের ইচ্ছে করে,
মিলিয়ে দেখ।
অনেক ছোট ছোট স্বপ্ন
ঝরে গেছে শিউলি ভোরে।
চাইলেই যায় গেঁথে ফেলা,
সময়ের গ্রন্থিতে আমার ব্যর্থতার মালা।
তবু শেফালির মত শিশির স্নানে
আমি আড়ালেও আর সিক্ত হব না।


হতে চেয়েছে আমার প্রত্যয়,
স্নিগ্ধতা জড়ানো রোদ্দুর।
বাতাসের মত চঞ্চল,
মৃত্তিকার গভীরে প্রোথিত জল।
হব সেই তরুণ শ্যামল,
যার ছায়ায় তোমরা খোঁজ
সাদা ভাতের মত ঝরা ফুল।


দুটো ফুল কুড়িয়ে
দিলেই না হয় ব্যথার নিবেদনে,
অনন্ত কি তাতে থমকে দাঁড়াবে?
একবার দেখ তবে ছুঁয়ে ছেনে,
অনন্তের সুরভি তোমার নিঃশ্বাসে।