Wednesday, September 15, 2010

বাসন্তী করবীর খোঁজে

যেখানে আমার জীবনের শুরু
দাগকাটা কাগজে লিখেছি বড় বড় অক্ষরে
ব-তে বাংলাদেশ
ল-তে লাল
স-তে সবুজ
প-তে পতাকা
পেন্সিলে একেঁছি মানচিত্রের সীমারেখা
যেখানে বিশাল সবুজ মাঠে
ছোট্ট দু’পায়ে অবিরত হেঁটেছি
দু’হাতে ঘাসের শিশির ছুঁয়েছি
কখনো কখনো ঘাসের নীচে
মাটির সোঁদা গন্ধ নিয়েছি
প্রজাপতির মত শৈশব কৈশরে
যেখানে দাঁড়িয়ে প্রতিদিন গেয়েছি
“আমার সোনার বাংলা আমি তোমায় ভালবসি”
সেখানে আবার ফিরেছি আমি।


আমার শৈশবের সেই সেখানে
স্মৃতির ফ্রেমে কৃষ্ণচূড়া জারুল খুঁজেছি
বিষন্ন আমিত্বের প্রাচীর ভেঙ্গেছে
তোমার নীরব উপস্থিতি।
স্বপ্নডানায় স্মৃতিময় অতীতে
আমরা দুজনে যে পথে হেঁটেছি
মায়াময় সে পথে
জারুল হারানোর কান্না ভুলে
আমার হাসিতে হেসেছে তখন অজস্র করবী।


আমার শৈশবের সেই সেখানে
তোমাকে নিয়ে বর্তমানের আমি
কুসুম লালিমায় আপন হারিয়ে
ছুঁটেছি বাসন্তী করবীর খোঁজে।

No comments:

Post a Comment